ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশ থেকে হালিমা খাতুন (৪০) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত হালিমা খাতুন সদর উপজেলার আলাকপুর গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।
বুধবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া-ভৈরব রেল সেকশনের চিনাইর গ্রামের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন হালিমা খাতুন। এর আগে তার দুটি বিয়েও ভেঙে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সম্প্রতি তার মানসিক সমস্যার অবনতি ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার দুপুর ১২টার দিকে চিনাইর এলাকায় রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’