রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের কর্মী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

রাঙামাটি জেলা শহরে পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা, সন্ত্রাসী তৎপরতা, দাঙ্গাবাজি, মাদক কারবার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল ২৫ জুন বুধবার রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন মো. কাউছার (৩০)। পুলিশ জানিয়েছে, তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত এবং একটি মামলায় তিন বছরের সাজাসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।

অভিযানে আরও গ্রেপ্তার করা হয়েছে রাঙামাটি পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সবুর (৩৮) এবং রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রূপন চন্দ্র দে (৪২)। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোর্শেদ আলম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং দ্রুতই তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।