ছাগলকে জোরপূর্বক পানি খাওয়ানোর ঘটনায় চাঁন বাদশা ও তার সহযোগী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।
 
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎ কে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণির সাথে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা।