রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে রাঙামাটি শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকার ‘হোটেল কসমস’-এর পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দুজনেই আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির শীর্ষ দায়িত্বে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৃষ কেতু চাকমা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মূলত চিকিৎসক দেখাতেই তিনি রাঙামাটি শহরে এসেছিলেন।