অবশেষে আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পর্যটকদের জন্য ভারতের দ্বার আবারও উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম এক বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন।

বন্দর সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়া প্রথম ওই যাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ায়। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করে ৮ জুলাই (বুধবার) ছয় মাসের মাল্টিপল ভিসা পান।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে আখাউড়া বন্দর দিয়ে ভারতীয় যাত্রীরাই বেশি বাংলাদেশে আসছেন এবং তারা মূলত ভ্রমণ ভিসা নিয়েই আসছেন। অন্যদিকে, যেসব বাংলাদেশি ভারতে যাচ্ছেন, তাদের বেশিরভাগই চিকিৎসা ভিসায় (মেডিকেল ভিসা) যাচ্ছেন। ভারত সরকার নতুন করে ভ্রমণ ভিসা দেয়া শুরু করায় আগামী দিনগুলোতে বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। আগামী দিনগুলো থেকে হয়তো ভারতীয় ভিসা পাওয়া যাত্রীর সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় সম্প্রতি আবারও ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। গত ২৮ জুন থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে একযোগে কার্যক্রম শুরু হয় এবং ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পেতে শুরু করেন।