হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে নুরুল আজম প্রকাশ আজিম (৩৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আজম একই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ জমিতে মেয়েকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে পাশের একটি বাড়ির পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
 
হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, প্রাথমিক তদন্তে মাছ ধরাকে কেন্দ্র করে নয়, বরং পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।