বেড়িবাঁধ বরাদ্দে দুর্নীতি ঠেকানোর ঘোষণা নাহিদ ইসলামের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের একটি টাকাও যেন দুর্নীতি বা অপচয়ের মাধ্যমে ব্যয় না হয়, সে বিষয়ে তারা নজর রাখবেন।

রোববার (১২ জুলাই) দুপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া বিপুল অর্থের অপব্যবহার ও লুটপাট হয়েছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটেও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দের অর্থ যাতে যথাযথভাবে ব্যয় হয় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে। একই সঙ্গে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থ সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, দলের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে এনসিপি। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।