চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা তাকে তল্লাশি করেন।
তল্লাশির সময় তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তির বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে জানা গেছে।
উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার এবং গলিত স্বর্ণসহ বিভিন্ন ধরনের স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে নজরদারি জোরদার করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।