ফটিকছড়িতে সিএনজি স্টেশনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট হাতিরপুলে প্রায় চার দশক ধরে চালু থাকা একটি গুরুত্বপূর্ণ সিএনজি স্টেশন জেলা পরিষদের ইজারা দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
সোমবার (১৩ জুলাই) সকালে শত শত সিএনজি চালক ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট হাতিরপুল সিএনজি স্টেশনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রায় ৪০০ থেকে ৫০০ চালক জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন।
তবে সংশ্লিষ্ট চালক ও স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা বাস্তবতা যাচাই ছাড়াই জেলা পরিষদ স্টেশনটি ইজারা দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্টেশনটি ইজারাদারের নিয়ন্ত্রণে গেলে কিংবা উচ্ছেদ করা হলে শত শত চালক তাদের একমাত্র আয়ের উৎস হারাবেন। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হবে এবং বিবিরহাট বাজার এলাকায় ভয়াবহ যানজটের আশঙ্কা দেখা দেবে।
স্মারকলিপিতে হাতিরপুল একতা ট্যাক্সি ও সিএনজি চালক সমবায় সমিতি, ধুরুং-কাঞ্চননগর ট্যাক্সি ও সিএনজি চালক সমবায় সমিতি, রাজা রাস্তার মাথা সিএনজি ও অটোরিকশা চালক সমবায় সমিতি এবং উত্তর রাঙ্গামাটিয়া বাংলাবাজার ট্যাক্সি ও সিএনজি চালক সমিতির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি নেতা কেএম আজমসহ তিনজন ব্যক্তি জেলা পরিষদ থেকে স্টেশনটির ইজারা নিয়ে সেখানে দীর্ঘদিনের সিএনজি স্টেশন উচ্ছেদ করে দোকানপাট নির্মাণের পরিকল্পনা করছেন।
 
বিক্ষোভকারীরা বলেন, এই স্টেশন শুধু কয়েকশ চালকের জীবিকার সঙ্গে নয়, হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রায় ৪০০ থেকে ৫০০ চালকের পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়া এবং জীবন-জীবিকা এই স্টেশনকেন্দ্রিক পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই জনস্বার্থ বিবেচনায় স্টেশনটি আগের অবস্থায় বহাল রাখার দাবি জানান তারা।
এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জেলা পরিষদের ইজারা কার্যক্রম বাতিলের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।
 
মানববন্ধনে বক্তব্য দেন মো. শহিদুল আলম চৌধুরী (রুমা), মো. মহিনউদ্দীন, আলাউদ্দিন, মো. রহিম উদ্দিন, মো. জানে আলম (ননাই), মো. ইদ্রিছ ও সুমন।
এ সময় উপস্থিত ছিলেন হাতিরপুল সিএনজি সমিতির সভাপতি রুমা চৌধুরী ও সাধারণ সম্পাদক মিন্টু নাথ, বাংলাবাজার সিএনজি সমিতির সভাপতি মো. ইদ্রিছ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, ধুরুং-কাঞ্চননগর সিএনজি সমিতির সভাপতি মো. হোসেন ও সাধারণ সম্পাদক মো. রহিম, রাজা রাস্তার মাথা সিএনজি সমিতির সভাপতি জুনায়েদ ও সাধারণ সম্পাদক মো. কামালসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এবং প্রায় পাঁচ শতাধিক চালক।
 
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা অবিলম্বে ইজারা সিদ্ধান্ত বাতিল করে স্টেশনটি পূর্বের মতো উন্মুক্ত রাখার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।