৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড সোনাগাজী

ফেনীর সোনাগাজীতে মাত্র ৪০ সেকেন্ডের এক আকস্মিক টর্নেডোর আঘাতে ৩৫টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে তীব্র ঘূর্ণিঝড় (টর্নেডো) আঘাত হানে। চোখের পলকে সবকিছু ওলটপালট হয়ে যাওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় গ্রামের ৪টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে, শতাধিক গাছপালা ভেঙে পড়েছে এবং ছোট-বড় অন্তত ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই আকস্মিক দুর্যোগে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাথা গোঁজার ঠাঁই, গাছপালা ও আসবাবপত্র হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখন চরম হতাশা ও হাহাকার বিরাজ করছে।

ঝড়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে স্থানীয় বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, আমার ৭০ বছরের জীবনে এমন ভয়াবহ টর্নেডো আর কখনও দেখিনি। হঠাৎ করে চোখের সামনে যেন কিয়ামত নেমে এসেছিল।

ঘটনার পরপরই উপদ্রুত এলাকায় যান মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। তিনি বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা দেখেছি। তাদের সরকারিভাবে জরুরি সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় যুক্ত থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।