ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
নিহত রায়হান ওই বাড়ির কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে আর্জেন্টিনার সমর্থক ছিলো।
স্থানীয়রা জানায়, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাহিরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার ঝগড়া হয়। 
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তখন রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার ঘরে ফিরে দেখেন স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। খবর পেয়ে দুপুর ১২টার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।