চট্টগ্রামে বস্তি থেকে থানায় লুট হওয়া দুইটি পিস্তল উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা ভাঙচুর ও লুটপাটের সময় খোয়া যাওয়া দুটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ জুলাই) বিকেলে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে অভিযান চালিয়ে পিস্তল দুটি উদ্ধার করা হয়। ডিবি উত্তর বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুটি নাইন এমএম পিস্তলই ব্রাজিলের তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের অস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় ডবলমুরিং থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল।

ডিবি উত্তর বিভাগের অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ পরিদর্শক আনচারুল করিম জানান, আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় অবৈধ অস্ত্রের বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র দুটি ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পিস্তল দুটি উদ্ধার করে ডিবি। তবে অস্ত্রগুলো কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ পরিদর্শক আনচারুল করিম আরও জানান, উদ্ধার করা অস্ত্রের নম্বর ও বিবরণ যাচাইয়ের পর এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্র লুটের সঙ্গে জড়িত ব্যক্তি এবং বর্তমানে সেগুলো অবৈধভাবে ব্যবহার বা বেচাকেনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে ডিবির একাধিক দল কাজ করছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।