বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলা জেলার মানিকেরহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেকে ভ্রমণে আসে। দলের আটজন সদস্য রাতযাপনের জন্য বগালেকের একটি কটেজে অবস্থান করেন। নিহত জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেউক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।
তাদের কোন খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে গভীর রাতে কয়েক ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।