ফটিকছড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফটিকছড়ির বিবিরহাট ঈদগাহ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি ফটিকছড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিবিরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলা আমির মুহাম্মদ নাজিম উদ্দিন ইমু।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আইন সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ বলেন, ‘জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণের রায়ের প্রতিফলন হিসেবে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়ক একরামুল হক।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সহকারী প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, সরকারি অফিস সম্পাদক ইজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ।

সমাবেশে জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি জানান।