কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার ক্যাম্পের সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয় চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ক্যাম্প ১৮-এর এইচ/৫৬ ব্লকের বাসিন্দা সৈয়দ উল্লাহর ছেলে। আহতরা হলেন- আবুল কালাম (২৩), মোহাম্মদ রশিদ (২২) এবং মো. জুনাইদ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্প৬-এর সিআইসি কার্যালয় চত্বরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত একটি লোহার পাইপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরিফ নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।