নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা বইদ্দার বিলে বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।