নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী সম্রাট (৩৯) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, গত রোববার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।