কক্সবাজারে ৩১ ভরি সোনার গহনা জব্দ, আটক দুই

কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকা থেকে ৩১ ভরি সোনার গহনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মো. আজিম ও মো. ফারুক।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, শনিবার সন্ধ্যায় তাদের কাছে তথ্য আসে, একটি চক্র কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সোনার একটি চালান দেশে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার নির্দেশ দেয় কোস্ট গার্ড। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩১ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি মোবাইল ফোন, ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও তিনটি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সৌদি আরব থেকে এসব সোনা দেশে এনেছেন। জব্দ করা সোনাসহ আটক দুজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে সোনা আনার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।