পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চলে বাড়ছে পানি

ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টির পর নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলে পানি বাড়ছে। গতকাল সকাল থেকে পানি বাড়তে শুরু করলেও সন্ধ্যার পর এর গতি আরও বেড়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাহাড়ি ঢলের প্রভাবে আখাউড়া পৌরসভা, মোগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানের জমি পানির নিচে চলে গেছে। একই সঙ্গে হাওড়া নদীর পানিও বাড়ছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সেসব এলাকার বাসিন্দারা। পানি আরও বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জাজিরপুল খাল দিয়ে ঢলের পানি প্রবেশ করে আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাতেও পানি বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন তারা।

আবদুল্লাহপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, ‘অনেক কষ্ট করে এবং বেশি দামে জমিতে ধান লাগিয়েছিলাম। পাহাড়ি ঢলের পানিতে এখন সব তলিয়ে গেছে। পানি নেমে গেলে আবার কীভাবে নতুন করে ধান লাগাব, সেটাই বুঝতে পারছি না। সরকার যেন আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে।’

বীরচন্দ্রপুর গ্রামের কৃষক মনু মিয়া বলেন, ধানের জমি পানির নিচে চলে গেছে। এভাবে পানি আরও বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতি হবে। কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ইউপি সদস্য রহিম মিয়া বলেন, পানি যেভাবে বাড়ছে, তাতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া দরকার।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আখাউড়া পৌরসভা, মোগড়া ও দক্ষিণ ইউনিয়ন এলাকায় প্রায় আড়াইশ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।