টেম্পোর সঙ্গে ট্রেনের ঘষা, পর্যটক এক্সপ্রেসের ছয়টি দরজার ক্ষতি

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে নিয়মবহির্ভূতভাবে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনের একটি দরজা ভেঙে নিচে পড়ে যায় এবং ভেতরে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের থানা নতুন কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। স্টেশন ছাড়ার কিছু দূর পর থানা নতুন কার্যালয় এলাকায় লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ট্রেনটির সজোরে ঘর্ষণ হয়। এতে টেম্পোটির কিছু অংশ চুরমার হয়ে যায় এবং ট্রেনের ছয়টি দরজা দুমড়ে-মুচড়ে একটি দরজা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়।

রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম জানান, রেললাইনের একদম গা ঘেঁষে অপরিকল্পিতভাবে যানবাহন পার্ক করে রাখার কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া দরজাটি উদ্ধার করে স্টেশনে এনে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণে ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি এবং ট্রেনের খুলে পড়া অংশটি আমাদের হেফাজতে রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।