কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। এতে বালুখালী আশ্রয়শিবিরের এক নারী ও তার সাত বছরের ছেলে আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।
গুলিবিদ্ধরা হলেন ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম ও তার সাত বছর বয়সী ছেলে মোহাম্মদ ইউসুফ। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরে কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এআরএ ও আরসার সদস্যরা একত্র হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আশ্রয়শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আশ্রয়শিবিরে অভিযান চলছে।