রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে পাহাড়ি সড়কের একটি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়াছড়া গ্রামের বাসিন্দা। তিনি বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেলে করে রাজস্থলীর দিকে যাচ্ছিলেন খিয়োমা তঞ্চঙ্গ্যা। পথে পাহাড়ি সড়ক দিয়ে ওঠার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে খিয়োমা তঞ্চঙ্গ্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনাটি বিলাইছড়ি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যার মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।