ঢাকার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম র‌্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১৮ মিনিটের দিকে নগরের খুলশী থানার ফয়’স লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর নবী চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ডিএমপির মোহাম্মদপুর থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নুর নবী ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফয়’স লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, নুর নবীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।