মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে: পুলিশ সুপার

‘মাদককে না বলুন, সন্ত্রাসকে প্রতিহত করুন, নিরাপদ সমাজ গড়ে তুলুন’ এই আহ্বানে চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ি থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুধী সমাবেশে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর করে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবল থেকে দূরে থাকে।

সমাবেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মাদক ও সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না; সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।