যুবদলকর্মী করিম হত্যাকাণ্ড রাজনৈতিক নয়: এসপি মাসুদ

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেন, নিহত করিমের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এসপি মো. মাসুদ আলম।

তিনি বলেন, রাউজানের উরকিরচর এলাকার কেরানীহাটে করিমকে হত্যা করা হয়। স্থানটি প্রত্যন্ত এলাকায়। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ৪-৫টি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী কেরানীহাট এলাকায় এসে করিমকে ঘিরে ধরে। প্রথমে কিরিচ দিয়ে তার ঘাড় ও মাথায় কোপানো হয়। পরে মাটিতে পড়ে গেলে কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা।

পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক বিরোধের সম্পৃক্ততা রয়েছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ সাড়ে ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।