রোসাংগিরী স্বাস্থ্যকেন্দ্রে জনবল-ওষুধ সংকট, ব্যাহত চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল ও প্রয়োজনীয় ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। পাশাপাশি জলাবদ্ধতা, মশা-পোকামাকড়ের উপদ্রব এবং নিরাপদ পানির সংকটে দুর্ভোগ পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও এমএলএসএসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সম্প্রতি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে একজনকে পদায়ন করা হলেও অন্যান্য পদে জনবলসংকট কাটেনি। জনবল সংকটের পাশাপাশি রয়েছে ওষুধের ঘাটতিও। নিয়মিত ওষুধ সরবরাহ না থাকায় প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক সেবাগ্রহীতাকে।

স্বাস্থ্যকেন্দ্রটির চারপাশের নিচু জমিতে বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানির কারণে আশপাশে আগাছা বেড়ে উঠেছে। একই সঙ্গে বেড়েছে মশা ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। 

স্থানীয়দের ভাষ্য, মাঝেমধ্যে স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে বিষাক্ত সাপেরও দেখা মেলে। এ ছাড়া কেন্দ্রটিতে নিরাপদ পানির সংকট রয়েছে। ফলে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন কাজেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

রোসাংগিরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাদল কান্তি দত্ত বলেন, কেন্দ্রের আশপাশের নিচু জমি ভরাট করে জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানির ব্যবস্থা, শূন্য পদগুলোতে জনবল পদায়ন এবং নিয়মিত ওষুধ সরবরাহের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক রুপম চৌধুরী বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির সেবার পরিবেশ ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাউসার আক্তার (পপি) বলেন, রোসাংগিরী স্বাস্থ্যকেন্দ্রে কিছু সমস্যা রয়েছে। আশা করছি, খুব শিগগির এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।