কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু-ভাতিজা।
নিহতদের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমি নিয়ে খালেদা আক্তার ও তার স্বজনদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদার ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে খালেদা ও টিটুকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও আরেক স্বজন মো. শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা মনে করছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে হত্যার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।