রাজধানীর শাহবাগে ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তার জন্য নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে বাড়িটি নির্মাণ করা হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোলাপি বেগমের জন্য বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল এ কাজের উদ্বোধন করে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে। চাবি হস্তান্তর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যেই নবীনগরের রতনপুরে তাঁর জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।