জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিন গার্ডেন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পুরো আয়োজন ঘিরে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।