কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে দ্রুত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে অপ্রতিমের মরদেহ উদ্ধারের স্থান পরিদর্শনে যান মনিরুল হক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।
মনিরুল হক বলেন, এ এলাকার সংসদ সদস্য হিসেবে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনি লজ্জিত ও দুঃখিত। মাত্র ১৩ বছরের একটি শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করে ৯০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অপ্রতিমের মৃত্যুর প্রসঙ্গ টেনে আবেগাপ্লুত মনিরুল হক বলেন, একটি আইফোনের জন্য একটি শিশুকে এভাবে হত্যা করা হয়েছে কি না, তা তিনি ভাবতেও পারেননি। মুক্তিযোদ্ধা হিসেবে এমন ঘটনায় তিনি লজ্জিত বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তার পরিবারের সদস্যরা বিদেশ থেকে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইছেন। তাদের কী উত্তর দেবেন, সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কিশোরদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
মনিরুল হক বলেন, কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে তার কথা হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। পুলিশ সুপার তাকে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।