নাসিরনগরে ঝোপঝাড় থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আরজান মিয়া (১৯) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে আরজান নিখোঁজ ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা লাখাই থানায় গিয়ে তাঁর নিখোঁজের বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাধ্যমে নাসিরনগরে একটি মরদেহ উদ্ধারের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহটি আরজানের বলে শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কলেজ মোড় এলাকার ঝোপঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তে অংশ নেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্তে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।