দেশীয় অস্ত্র প্রদর্শন করে টিকটক ভিডিও তৈরি, গ্রেপ্তার ৩

নোয়াখালীর হাতিয়ায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও (রিল) তৈরি ও প্রচারের অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত লিডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে হাতিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেখ ওসামা আল জামান ওরফে ওসামা (২০), সাকিব উদ্দিন শরীফ (১৯) ও মো. আমজাদ হোসেন (১৯)। তারা সবাই হাতিয়া উপজেলার উত্তর বেজুগলিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে একটি গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর অনুসন্ধান শুরু করে পুলিশ।

পুলিশের দাবি, অনুসন্ধানে জানা যায়, শেখ ওসামা আল জামান ওরফে ওসামার নেতৃত্বে যুবক ও কিশোরদের নিয়ে ওই গ্রুপটি গড়ে ওঠে। গ্রুপটিতে মোট ১৯ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রুপটির কথিত টিম লিডার ওসামাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রুপটির অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযান চলমান রয়েছে।