কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একদিনে আটক ২৫৪ 

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে কুমিল্লার ১৮টি থানায় রাতভর একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডাস্থল হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অতীত রেকর্ড ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ‘রতন গ্রুপের’ সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপটির প্রধান রতনের ভাগনে এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার কুমিল্লার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

পুলিশের এই ধারাবাহিক অভিযান শুরু হয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক কিশোর হত্যার পর। গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। পরদিন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নতুন করে ২৫৪ জনকে আটক করা হলো।