বিজয়নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) শুরু হওয়া বিরোধের জেরে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালেও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

এর জেরে রোববার সকাল ৭টার দিকে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।