ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছরের শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের (২০) পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান বাবুল এ ঘোষণা দেন। তিনি বলেন, শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত জাহিদুলের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না। একই সঙ্গে দ্রুত মামলাটির বিচার সম্পন্ন করতে আইনজীবীরা কাজ করবেন।
এর আগে নিহত মাহিদার মা মনিরা আক্তারসহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জেলা আইনজীবী সমিতিতে গিয়ে জাহিদুলের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য লিখিত আবেদন করেন। পরে মাহিদার স্বজন ও বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।
এদিকে মাহিদা হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে সে জবানবন্দি দেয়।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দিতে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মাহিদাকে একটি বসতঘরে নিয়ে যাওয়ার পর তার ওপর নির্যাতন চালানো হয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।