ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রলিটি সরিয়ে নেওয়ার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সিলেটের উদ্দেশে রওনা হয়। স্টেশনের ইয়ার্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা সম্ভব হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা বলেন, লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।