ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালককে এসআরবির হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। পাঁচ সন্তানের বাবা আলমগীর সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র্যাবে যোগ দেন তিনি। পরে বাহিনীর সাংগঠনিক রূপান্তরের পর চলতি বছরের ১৭ মে উপসহকারী পরিচালক হিসেবে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে দায়িত্ব নেন।
এসআরবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মধ্যরাতে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কে ১৫-১৬ সদস্যের একটি দল নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল। দায়িত্ব পালনের সময় আলমগীর হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে পুরো কার্যক্রম তদারকি করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেনকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, রাত আনুমানিক ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আলমগীর হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মীরা। এসআরবি সদস্য আবদুল জলিল বলেন, আলমগীর হোসেন অত্যন্ত সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার পাঁচ সন্তানই বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করছে। কর্তব্যরত অবস্থায় তার এমন মৃত্যুতে ক্যাম্পজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনাস্থলে থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, ‘চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আমার অদূরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। চোখের পলকে ট্রাকটি এসে তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো গেল না। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়ে আমরা স্তব্ধ।’
তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন সদর দপ্তরকে জানানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পূর্ণ সামরিক মর্যাদায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকচালক সজীব (৩০) নিজেও আহত হয়েছেন। তিনি বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশ এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।