এনসিটি ইজারা: গণঅনশনের ডাক বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ১৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ চুক্তি নিয়ে বন্দর কেন্দ্রিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার জন্য রোববার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে সরকার আলোচনার উদ্যোগ না দিলে সোমবার বেলা ১১টা থেকে গণঅনশনের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এনসিটি পরিচালনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর এনসিটি, সিসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বিরোধিতা করে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ মিছিল বের করে। 

মিছিল শেষে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, আমরা আলোচনার জন্য সুযোগ রেখেছি। রোববারের মধ্যে আলোচনা না হলে সোমবার গণঅনশন। চুক্তির ভালো দিক খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আলোচনা করব। আমরা আমাদের দাবি নিয়ে আলোচনা করব। 

যুগ্ম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, শুক্র ও শনিবার আমরা কোনো কর্মসূচি পালন করব না। আমরা সরকারকে আলোচনার দ্বার উন্মোচন করার জন্য রোববার পর্যন্ত সময় দিতে চাই। আগামী সোমবার বেলা ১১টা থেকে ওয়ান স্টপ ভবনের সামনে আমরা গণঅনশন কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির ভেতরে সরকার যদি আলোচনার দ্বার উন্মোচন করে ভালো। যদি সরকার একতরফাভাবে চুক্তি বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে সেই গণঅনশন থেকে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেব।  

বিক্ষোভ মিছিলে অংশ নেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম বন্দর ইসলামি শ্রমিক সংঘ, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট চট্টগ্রাম ইত্যাদি সংগঠন।