অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, সাজেকে আটকে পড়লো পর্যটকেরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের পাশাপাশি সেখানে যেতে চাওয়া অনেক পর্যটকও আটকা পড়েছেন।

অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের খবর পেয়ে গতকাল কিছু পর্যটক সাজেক ছেড়ে গেছেন। তবে নতুন কিছু পর্যটকও সেখানে এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। রোববার সকালে পর্যটকদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে কোনো গাড়ি সাজেক ছাড়েনি। বেলা ২টায় পর্যটকদের নিয়ে গাড়ি ছাড়ার কথা রয়েছে।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা বলেন, এখন পর্যটনের ভরা মৌসুম। প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালেও খাগড়াছড়ি শহর থেকে অনেক পর্যটক সাজেকের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর এগোতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা ২টার দিকে তাঁদের সাজেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ চলছে। তবে বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তিনি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী গাড়িগুলো নিরাপত্তা বাহিনীর পাহারায় বেলা ২টায় সাজেক থেকে বের হওয়ার কথা রয়েছে। একই সময়ে বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।