কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও বাড়ি থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা হরিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে দুজনই মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। প্রায় আধঘণ্টা তারা সড়কের পাশে পড়ে ছিলেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।