কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন লাগার পর পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর টুপটুপ নামের ওই রিসোর্ট কতৃপক্ষ পালিয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টে লাগা এ আগুন ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ৬টি লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, স্থানীয় জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম বলেন, অগ্নিকাণ্ডে পর্যটক মৃত্যুর খবরের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।