কক্সবাজারে ইনানি বিচের টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
নিহতরা সবাই পর্যটক, সেখানে তারা ঘুরতে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য জানান।
আগুনে নিহতের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। তারা হলেন- মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।
এ ঘটনায় আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতালটির জরুরি বিভাগ।
আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হয়েছেন। তবে বাকিদের অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কি.মি.। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে প্রথমে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও ৪ জন মারা যান।