পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত দুজন হলো- স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই বাড়ির কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানীর অগোচরে তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে তিনি মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খুঁজতে যান। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন পিংকী।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলেই দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।