নোয়াখালীতে মাদ্রাসা থেকে ফেরার পথে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে একটি বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

নিহত নুয়া বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

নিহতের জেঠা আলতাফ হোসেন জানান, তাঁদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির কাছেই সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদ্রাসায় পড়ত নুয়া। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে আবার সেখানে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি বলে জানান তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।