কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলসংলগ্ন বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের স্থানটির আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব প্রতিষ্ঠানে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গিয়ে সড়কে অবস্থান নেন।