নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ।
নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন। নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে স্ত্রী মুক্তা বেগম ও শ্যালিকা রত্না রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাসেলের সন্ধান না পেয়ে ৭ নভেম্বর তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে সোমবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান তাঁরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢাকা ছিল। ঘটনাস্থল থেকে একটি লোহার রডও উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, রাসেলের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।