ব্রাহ্মণবাড়িয়া জেনারেল  হাসপাতাল থেকে সাত দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালত শিপনকে দুই হাজার টাকা এবং নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করেন। বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এসব দালালকে যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।