নোয়াখালীর সূবর্ণচরে পরীক্ষা শেষের খুশিতে বেড়াতে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রসহ তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার থেকে ভুইয়ারহাট রোডে খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণচরের হাজীগ্রামের মো. কামালের ছেলে মো. আবদুল করিম (১৭), আদর্শগ্রামের আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯) ও পূর্ব চরবাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
পুলিশ জানায়, নিহত আবদুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার তার নির্বাচনি পরীক্ষা শেষের খুশিতে অন্য দুই বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খুঁটিতে ধাক্কা লাগে।
এ সময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবদুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অন্য আহত শামীমকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।