প্রতিবন্ধী কোরবানের মাথা গোঁজার ঠাঁই নেই, সহায়তায় তৈরি ঘরও ভাঙার অভিযোগ

২০২৪ সালের বন্যায় ভেঙে যায় বসতঘর। এরপর স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহায়তায় নতুন ঘর তৈরির উদ্যোগ নিয়েছিল পরিবারটি। কিন্তু সেই ঘরের নির্মাণকাজেও বাধা এবং ইটের গাঁথুনি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনের বিরুদ্ধে। ফলে প্রতিবন্ধী ছেলে ও অসহায় মাকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে রিনা আক্তারের পরিবারের।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরের প্রতিবন্ধী যুবক মো. কোরবান আলী ও তাঁর পরিবারের দুর্দশার কথা বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় কাজিরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোরবানের চাচা ফজলুল করিম ভূঁইয়া পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তাঁদের বঞ্চিত করছেন।

লিখিত বক্তব্য পাঠ করেন কোরবানের বোন রিনা আক্তার (রুবিনা আক্তার)। তিনি বলেন, ২০০৪ সালে তাঁদের বাবা জমির উদ্দিন মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। এ সুযোগে বৃদ্ধ দাদা আব্দুর সবুরকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নেন চাচা ফজলুল করিম।

রিনার অভিযোগ, ২০২৪ সালের বন্যায় বসতঘর ভেঙে যাওয়ার পর মানুষের সহায়তায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন তাঁরা। কিন্তু চাচা ও তাঁর সহযোগীরা এতে বাধা দেন। একপর্যায়ে নির্মিত ঘরের ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়। প্রতিবাদ করায় তাঁকে একাধিকবার মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে কোরবানের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। সামনে শীত আসছে, আমরা এখন কোথায় যাব? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

পরিবারের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেন কোরবানের দাদি শহর বানুও। তিনি নাতি ও পুত্রবধূদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাঁরা কোনো সংঘাত চান না। পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চান। এ জন্য ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।