কাতার বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেল অর্জন বাংলাদেশি খাদিজার

কাতার বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে স্নাতক সম্পন্ন করে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল অর্জন করেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মেয়ে আফরোজা বিনতে নুর খাদিজা। সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস লিস্টেও। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের মুখ।

আফরোজা বিনতে নুর বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের বড় মেয়ে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন (অ্যাক্টিং ডিন) অধ্যাপক আব্দেল আলী এগুনির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ড মেডেল ও সনদ গ্রহণ করেন আফরোজা। কাতার বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছর তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে ফার্মেসি শিক্ষায় আরও উচ্চতর ডিগ্রি অর্জনের পথে এগিয়ে যাবেন তিনি।

বিদেশের মাটিতে এমন সাফল্য অর্জনে আফরোজার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তার এ অর্জন বড়লেখার পাশাপাশি দেশের জন্যও গৌরবের। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।